২০ বিলিয়ন ইমেজ সেন্সর বিক্রির মাইলফলক পেরিয়েছে সনি
স্মার্টফোন ক্যামেরার জন্য ইমেজ সেন্সর তৈরিকারক সনি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ২০ বিলিয়ন ইমেজ সেন্সর সরবরাহের মাইলফলক অতিক্রম করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি ১৯৮০-এর দশকে ট্রানজিস্টর তৈরির মাধ্যমে তাদের যাত্রা শুরু করেছিলো। খবর জিএসএম এরিনা।
সনি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং-এর প্রেসিডেন্ট ইয়োশিহিরো ইয়ামাগুচি নিক্কেই এশিয়া-কে জানিয়েছেন, মোবাইল ডিভাইসের ক্রমবর্ধমান চাহিদার কারণ ছিলো এই বিশাল সংখ্যার পেছনের প্রধান কারণ। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে পাঁচ বছরের মধ্যে সরবরাহের সংখ্যা ১০ বিলিয়ন থেকে ২০ বিলিয়নে পৌঁছেছে।
সনি জানায়, শিপমেন্টের এই দ্রুত বৃদ্ধির অন্যতম কারণ স্মার্টফোনে ক্যামেরার সংখ্যা বৃদ্ধি। ২০১৬ এবং ২০১৭ সালে আমরা ডুয়াল ক্যামেরা ফোনের দেখা পাই। আজ, চার ক্যামেরা ফোন বাজারে সাধারণ বিষয় হয়ে গেছে, যা এই প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।
প্রেসিডেন্ট ইয়ামাগুচি জানিয়েছেন, সনির সেমিকন্ডাক্টর বিভাগ জাপানের কুমামোটো, নাগাসাকি এবং ওইটাতে অবস্থিত তিনটি কারখানা পরিচালনা করে। নাগাসাকি ও ওইটার কারখানাগুলো মোবাইল ডিভাইসের জন্য ইমেজ প্রসেসিং সেন্সর (আইএসপি) তৈরি করার ওপর বেশি গুরুত্ব দেয়।
তবে সনি শুধু মোবাইল ডিভাইস নয়, বরং ইন-ভেহিকল ডিভাইস, স্মার্ট ফ্যাক্টরি, স্মার্ট আইসিটি ক্যামেরা, লেজার ডিভাইস এবং ডেটা সেন্টারের জন্য সেন্সর সরবরাহের লক্ষ্যেও কাজ করছে।
ডিবিটেক/বিএমটি







